‘কউন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনায় সালমান!

আবার আসছে সনি টিভির প্রসিদ্ধ রিয়েলিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’। ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে অমিতাভকে নিয়ে। এর পরেও যদি দেখেন সালমান খান রয়েছেন প্রশ্নকর্তার ভূমিকায়?

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অমিতাভ কিন্তু সালমানের এই নতুন ভূমিকায় বেজায় খুশি। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বিগ বি ‘বাগবান’-এর সহ-অভিনেতা সালমানকে এই শো পরিচালনা করার জন্য স্বাগত জানিয়েছেন। অমিতাভ বলেন, এই শোতে আমি সালমানকে স্বাগত জানাচ্ছি’।

অমিতাভ বচ্চনের এই বিবৃতিটি আসলে সালমানের রিয়েলিটি শো ‘দশ কা দম’ পরিচালনা করার প্রসঙ্গেই ছিল। কিন্তু সেই শোয়ের একটি এপিসোডে সালমান জানান ‘কউন বনেগা’ সঞ্চালনা করতে পারলে খুশিই হবেন তিনি।

ঐতিহ্যগতভাবে আটটি সিজনে অমিতাভ বচ্চনই সঞ্চালনা করেছেন ‘কউন বনেগা ক্রোড়পতি’র। ১০ নম্বর সিজনের জন্যও সঞ্চালকের ভূমিকাতে দেখা যাবে অমিতাভকেই। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই শো।

অমিতাভ বচ্চন এই মাসের শুরুতেই ‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন শুটিং সেটে যান। পরিচিত জায়গায় আবার কাজ করতে পেরে কতখানি খুশি তিনি তা নিয়ে নিজের ব্লগেও লেখেন তিনি।