প্রথম তিন ম্যাচের দুটিতেই হার। গত ২৬ বছরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের এমন বাজে শুরু আর হয়নি। ফলে ইউনাইটেড কোচ হোসে মরিনহো যে সাংবাদিকদের তোপের মুখে পড়বেন, তা অনুমিতই ছিল। টটেনহামের কাছে ৩-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন ‘স্পেশাল ওয়ান’। সংবাদিকদের থেকে ‘সম্মান’ চেয়ে বেরিয়ে গেলেন সংবাদ সম্মেলন থেকে।
জয় দিয়েই এবারের লিগ শুরু করেছিল ইউনাইটেড। কিন্তু পরের দুই ম্যাচেই টানা হারল তারা। ১৯৯২-৯৩ মৌসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল টটেনহামের কাছে ৩-০ গোলের হারটা আবার হোম ম্যাচে কোচিং ক্যারিয়ারে মরিনহোর সবচেয়ে বড় পরাজয়। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে এটাই প্রথম।
ঘরের মাঠে টটেনহামের কাছে হারের পর সংবাদ সম্মেলনে ম্যাচের ফলটা বারবার মরিনহোকে মনে করিয়ে দিচ্ছিলেন সাংবাদিকরা। মরিনহো তাই মেজাজ ধরে রাখতে পারেননি, ‘আপনারা বলুন তো ম্যাচের ফলাফল কী? ৩-০, ৩-০। জানেন ৩-০ মানে কী? আমরা ৩ গোল খেয়েছি। কিন্তু এর অর্থ আমি তিনটা লিগ শিরোপাও জিতেছি, যা লিগের বাকি ১৯ কোচের চেয়েও বেশি। আমি একাই তিনটা জিতেছি, তারা সর্বোচ্চ দুটি। সম্মান! সম্মান! সম্মান দিতে শিখুন।’
এরপরই হুট করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান মরিনহো।
