টেলিছবি ‘চাঁদের আলোয়’

‘এই কাজটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিলো। কারণ পারুল চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। ইফফাত আরেফিন তন্বী চমৎকার লিখেছেন। আর দিদির (চয়নিকা চৌধুরী) নির্দেশনা নিয়ে নতুন করে কী বলবো। যখন তিনি কোনো ভালো গল্প পান, তখন তা কী যে আন্তরিকতা নিয়ে নির্মাণ করেন, শুধু সেটে যারা থাকেন তারাই তা উপলদ্ধি করতে পারেন। আর পরবর্তীতে দর্শক তা ভালোভাবে উপলদ্ধি করেন প্রচারের পর। এই কাজটি নিয়ে আমি নিজেই অনেক বেশি উচ্ছ্বসিত।’ কথাগুলো বলেছেন অভিনেত্রী রিচি সোলায়মান। এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে তার অভিনীত টেলিছবি ‘চাঁদের আলোয়’। এতে রিচির বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। টেলিছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘এই টেলিছবিতে আমি রিচির বিকল্প কাউকেই ভাবতে পারিনি। মুলকথা রিচির বিকল্প যে কে হতে পারতো সেটা আমি ভুলেও চিন্তা করিনি। রিচি তার ছোট্ট কন্যা ইলমাকে সঙ্গে নিয়ে শুটিং করেছে। প্রতিটি দৃশ্যেই তার উপস্থিতি ছিলো। যে কারণে টানা ছয়দিন তার কোনোই বিশ্রাম ছিলো না। কিন্তু তারপরও রিচি যে আন্তরিকতা নিয়ে কাজ করেছে, তাতে মুগ্ধ আমি।’