প্রথমবারের মতো মোশাররফ করিমের বিপরীতে একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। তাদের অভিনীত নাটকের নাম ‘হোম টিউটর-গৃহ শিক্ষক দিচ্ছি নিচ্ছি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ঈদের আগেই নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান তারিক। আজ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘তারিক তরুণ একজন নির্মাতা। আমার সবসময়ই তরুণ নির্মাতাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। কারণ তাদের কাছ থেকে নতুন অনেক কিছু জানা যায়। পিয়া জান্নাতুলের সঙ্গে
এটা আমার প্রথম কাজ। কাজের প্রতি দারুণ সিরিয়াস পিয়া। যে কারণে আমি তার সঙ্গে কাজটি করতে গিয়ে সময়টা বেশ উপভোগ করেছি।’ পিয়া জান্নাতুল বলেন, ‘আমার অভিনয় জীবনের পথচলায় অনেকের সঙ্গেই আমি অভিনয় করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করা। সত্যিকার অর্থেই তিনি ভীষণ মেধাবী একজন অভিনেতা। যে দৃশ্যেই তিনি অভিনয় করেন না কেনো, সেই দৃশ্যটিই সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেন। সহশিল্পী হিসেবে তার সঙ্গে অভিনয় করে আমার অনেক কিছুই শেখার সুযোগ হয়েছে। ধন্যবাদ নির্মাতা তারিক মুহাম্মদ হাসানকে।’ উল্লেখ্য, অভিনেতা হিসেবে দেশ-বিদেশে মোশাররফ করিমের রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজের নামকে তিনি এমন এক ব্র্যা-ে পরিণত করেছেন, ফলে দর্শক তার অভিনীত নাটক ভীষণ আগ্রহ নিয়ে দেখেন। মোশাররফ করিম অভিনীত নাটক দেখে অনেকেই অনেক কিছু শিখেন আবার অনেকেই শুধুই বিনোদন পাবার আশায়ও তার নাটক দেখেন। পাশাপাশি মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নিজের নামকে ব্র্যা-ে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
