রোববার (২৬ আগস্ট) জিরোনাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মজার ব্যাপার হলো, জিরোনার বিপক্ষে রিয়ালের ৪ গোলের ২টিই এসেছে পেনাল্টি থেকে। প্রথমার্ধের ৩৯ মিনিটে রামোসের হাওয়ায় ভাসানো পেনাল্টি শটে সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটি আবারো পেনাল্টি পায় অতিথিরা। এরপর বেনজেমা স্বাগতিকদের জালে বল জড়িয় দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। এর আগে রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ১৬তম মিনিটেই অসাধারণ শটে জিরোনাকে ১-০ গোলে এগিয়ে দেন বোর্হা গার্সিয়া। ২৫তম মিনিটে ব্যবধানটা ২-০ হয়ে যেত। রিয়ালকে এ যাত্রায় রক্ষা করেন কার্ভাহাল। গোল হজম করে চাপে থাকা রিয়াল জিরোনার রক্ষণে আক্রমণ চালিয়ে যায়। ৩১ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ হাতছাড়া করেন রামোস। ৩৮ মিনিটে ইসকোর শট আটকে দেন জিরোনার গোলরক্ষক। পুরোপুরি ক্লিয়ার না হয়ে বল যায় বেনজেমার কাছে। বেনজেমার শট জিরোনার রক্ষণের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। এবার বল পান অ্যাসেনসিও। অ্যাসেনসিওকে ডি-বক্সে ফাউল করে বসেন জিরোনার মিউনিয়েসা। রামোসের পেনাল্টি শটে ১-১ গোলে সমতায় ফেরে রিয়াল। প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে গোল ব্যবধান বাড়িয়ে মাঠ ছাড়ার সুযোগ পায় রিয়াল। কিন্তু বেলের দুর্বল শট সহজেই আটকে দেন জিরোনার গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে এসে খেলায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৫১তম মিনিটেই পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। এবারও পেনাল্টি শট আদায় করে নেন অ্যাসেনসিও। ফরাসি তারকা করিম বেনজেমার নিখুঁত শটে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল। খানিক পরেই পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ পান বোর্হা গার্সিয়া। রিয়াল গোলরক্ষক নাভাস দলকে রক্ষা করেন। ৫৮তম মিনিটে নাভাসকে একা পেয়েও গোল দিতে ব্যর্থ হন জিরোনার খেলোয়াড়। ডি-বক্সের বাইরে এসে জিরোনার আক্রমণ আটকে দেন নাভাস। পরের মিনিটেই নাভাসের কাছ থেকে বল পান ইসকো। মাঝমাঠ থেকে ইসকোর কাছ থেকে বল পেয়ে একাই জিরোনার রক্ষণ চিরে স্বাগতিকদের বুকে ছুরি চালান গ্যারেথ বেল (৩-১)। প্রথমার্ধে গতিময় ফুটবল খেলা জিরোনা দ্বিতীয়ার্ধে এসে ঝিমিয়ে পড়ে। সে সুযোগে তাদের চেপে ধরে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকবার সুযোগ পেলেও ৮০তম মিনিটে এসে জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন বেনজেমা। বেলের দুর্দান্ত ক্রস থেকে বল পান বেনজেমা। জায়গামতো সেটাকে পাঠিয়ে দিতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড। গত ম্যাচে এক গোল। এই ম্যাচে এক গোল এক অ্যাসিস্ট। বেল প্রমাণ করছেন, তার প্রতি এত দিন অবিচারই হয়েছিল।
