নেইমারকে টক্কর দিতে হাজির ‘বাবা নেইমার’

ফ্রেঞ্চ লিগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে রসায়নটা বেশ জমে উঠেছে নেইমারের। টানা গোল কিংবা একে অপরকে টক্কর দেয়ার বিষয়টি দারুণ উপভোগ করছে ফুটবলবিশ্ব। আর এই রসায়নে ঘি ঢেলে দিতে ফ্রেঞ্চ লিগে হাজির হয়েছেন ‘বাবা নেইমার’!

গিনির অনূর্ধ্ব ১৭ ও ২০ দলের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন ২০ বছর বয়সী আবদুলাহে জুলস কেইটা। লিগে প্রথম দুই ম্যাচে সব মিলিয়ে ১৪ মিনিট খেলেছেন এ মৌসুমেই বিনা মূল্যে দিজঁতে যোগ দেয়া এই গিনিয়ান। রোববার (২৬ আগস্ট) নিসের বিপক্ষে মাঠে নামার সুযোগ হলো তার। ম্যাচটিতে ৮৩ মিনিটে নিজের প্রথম কারিসমা দেখানোর সুযোগ মিলে তার। ওই সময় প্রথমে সতীর্থ ওসামা হাদ্দাদিকে দিয়ে গোল করানোর পর ৮৬ মিনিটে ইউরোপে নিজের প্রথম গোলটিও পেয়ে যান। আর ৯২ মিনিটে নিজেই বল কেড়ে নিয়ে দারুণভাবে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে ভ্যালেন্টাইনকে পাস দিয়েছেন। ফিরতি বল থেকে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় গোলও। নিসের মাঠে এসে তাই ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে দিজঁ।

ইউরোপে টানা দুই গোলের পর বেশ উচ্ছ্বাসিত কেইটা। মাঠে প্রতিপক্ষকে চমকে দেয়া এই ড্রিবলার প্রশ্নোত্তর পর্বেও সবাইকে চমকে দিয়েছেন, ‘নেইমার আমার আদর্শ। আমার দেশে সবাই তো আমাকে “বাবা নেইমার” বলেই ডাকে। ইনশাআল্লাহ, আমি তার চেয়েও শক্তিশালী হতে পারব। কারণ, চ্যাম্পিয়নশিপ এখনো শুরু হয়নি।’