তুরস্কে নারীদের প্রতিবাদ সমাবেশে পুলিশি অভিযান

তুরস্কের ইস্তাম্বুলে সন্তান হারানো মায়েদের এক প্রতিবাদ সমাবেশে পুলিশি হামলা চালিয়ে তা ছত্রভঙ্গ করা হয়েছে। নিখোঁজ হয়ে যাওয়া সন্তানদের সন্ধান দাবিতে মায়েরা বিক্ষোভ করছিলেন।

সমাবেশে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে প্রতিবাদ ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ৫০ জনকে আটকও করা হয়।

১৯৯০ দশকে সহিংসতা চলাকালে এই মায়েরা তাদের সন্তানদের হারিয়েছেন। হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নিয়মিতভাবে ওই প্রতিবাদের আয়োজন করে আসছেন। ওই সময় আটকের পর থেকে যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিণতি কী হয়েছিল তুরস্ক সরকার তা কখনোই তদন্ত করে দেখেনি।

‘স্যাটারডে মাদার্স’ নামে পরিচিত এই গোষ্ঠীটি ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। এবারের সমাবেশটি তাদের ৭০০তম প্রতিবাদ হতো।

পুলিশের এ হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।