বন্যাবিধ্বস্তদের পাশে দাঁড়ালেন প্রভাসও

বন্যা বিধ্বস্ত ভারতের দক্ষিণাঞ্চল কেরালায় ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫৭। সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ হাজার কোটি টাকারও বেশি। এই পরিস্থিতিতে কেরালার মানুষদের পাশে দাঁড়িছেন বহু তারকা।

শাহরুখ খান, অক্ষয় কুমার, রাম চরণ, চিরঞ্জিবীসহ একাধিক তারকা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করেছেন। জানা যাচ্ছে, বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশনের তরফে কেরালার বন্যাবিধ্বস্তদের জন্য ২১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বন্যা বিধ্বস্তদের পাশে এসে দাঁড়ালেন বাহুবলীর তারকা প্রভাস। কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিয়েছেন প্রভাস।

‘বাহুবলী-২’ সুপার হিট হওয়ার পর এই মুহূর্তে প্রভাস তার আগামী ছবি ‘সাহো’র শুটিংয়ে ব্যস্ত। আগামী বছর এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে ‘সাহো’। প্রযোজকরা বাহুবলীর ধাঁচেই সিনেমার প্রমোশন করতে চাইছেন। বাহুবলীর পর গোটা দেশে প্রভাসের ভক্তের সংখ্যা এখন কয়েক কোটি। প্রভাসের পাশাপাশি দক্ষিণী তারকা আলু অর্জুনও ২৫ লক্ষ টাকা দিয়েছেন বন্যার্তদের।

এছাড়াও কেরালার বন্যা বিধ্বস্তদের জন্য ভক্তদের কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদানের আবেদন জানিয়েছেন আনুশকা শর্মা, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জন আব্রহাম, বিদ্যা বালান, রানা দগ্গবাতি সহ একাধিক তারকা।