ভারতের অবহেলিত বোলার ২৯ রান দিয়ে পেলেন পাঁচ উইকেট

টেস্ট দলে জায়গা হারানোর শঙ্কায় ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তাকে টেস্ট দলে রাখায় টিম ম্যানেজম্যান্টের সমালোচনা চলছিল সর্বত্র। আর সমালোচনা বিদ্ধ হচ্ছেন ভারতের কাপ্তান বিরাট কোহলি।

সমালোচকদের কথায় কান না দিয়ে পাণ্ডিয়ায় বিশ্বাস রাখেন ক্যাপ্টেন। দলনেতাকে বল হাতে হতাশ করেননি তিনি। আস্থার প্রতিদান ভালো করেই দিলেন।
অধিনায়কের ভরসা পেয়ে জ্বলে উঠেছেন পান্ডিয়া। বল হাতে ৫ উইকেট তুলে ইংল্যান্ডকে ১৬১ রানে অলআউট করেছেন। মাত্র ২৯ বলে ৫ উইকেট তুলে ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন ডানহাতি পেসার। তার তাণ্ডবে ভারত প্রথম ইনিংসে লিড পায় ১৬৮ রানের। এর আগে ভারত প্রথম ইনিংসে করেছিল ৩২৯ রান।

ট্রেন্ট ব্রিজে রোববার দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২৪ রান। মোট লিড ২৯২ রানের। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত নটিংহ্যাম টেস্ট নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

২৫তম ওভারে পাণ্ডিয়ার হাতে বল তুলে দেন অধিনায়ক। অধিনায়কের দেয়া বলে শিকার করলেন প্রতিপক্ষেল অধিনায়ককে। পান্ডিয়ার প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন রুট। বের হয়ে যাওয়া বলে খোঁচা লাগিয়ে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন ১৬ রান করা ‍রুট। এরপর ৩১তম ও ৩৩তম ওভারে দুটি করে উইকেট পান পাণ্ডিয়া। জনি বেয়ারস্টো পান্ডিয়ার সিম আপ ডেলিভারীতে ক্যাচ দেন রাহুলের হাতে। চার বল পর ক্রিস ওকস শর্ট বল পুল করতে গিয়ে পান্তের হাতে ক্যাচ দেন। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। কিন্তু কাজের কাজ হয়নি। এরপর ৩৩তম ওভারে পান্ডিয়ার শিকার আদীল রশিদ ও স্টুয়ার্ট ব্রড। ব্রডের উইকেট নিয়ে প্রথমবারের মতো সাদা পোশাকে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন পান্ডিয়া।