সেন্সরে তিন ছবি

বড় উৎসবেই মূলত ছবি মুক্তির হিড়িক পড়ে। প্রতিবারের মতো এবারও সেটির ব্যতিক্রম হবে না। অাসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ছবি। ঈদুল ফিতরে চারটি ছবি মুক্তি পেয়েছিল। যার মধ্যে তিনটি ছবিই শাকিব খানের ছিল। অন্যটি সিয়াম ও পূজার। তবে আসছে ঈদে এক ছবি নিয়েই মাঠে নামছেন শাকিব। বাকি চারটিতে দেখা যাবে ভিন্ন ভিন্ন নায়ক-নায়িকাকে।

এদিকে জানা গেছে, চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে দুই ছবি ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’। শাপলা মিডিয়ার কর্ণধার জানান, সোমবার দুপুরে সেন্সরে জমা পড়েছে ছবিটি। সেন্সর ছাড়পত্র পেলেই ঈদে নিশ্চিত মুক্তি পাবে ক্যাপ্টেন খান। এরই মধ্যে ছবির হল বুকিং শুরু হয়েছে এবং প্রায় ১০০ হল চূড়ান্ত হয়েছে।

অন্যদিকে ‘মনে রেখো’ ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন। প্রযোজক তাপসী ফারুক জানান, চলতি সপ্তাহেই সেন্সর ছাড়পত্র পাবে ‘মনে রেখো’। আর ছাড়পত্র পেলেই ছবিটি ঈদে মুক্তি পাবে।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ঈদে মুক্তিপ্রাপ্ত এই দুই ছবিই নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।

অন্যদিকে আজ মঙ্গলবার সেন্সরে ‘মাতাল’ ছবিটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা শাহীন সুমন। সাইমন-অধরা অভিনীত এই সিনেমাটিও আছে মুক্তির মিছিলে। এরই মধ্যে মাতালের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।