ট্রেইলারেই হিট ‘সুই ধাগা’

ঘর ভর্তি কাপড়। সেখানে একটি সেলাই মেশিনের ওপর বসে রয়েছেন বরুণ ধাওয়ান। গায়ে সোয়েটার। গলায় ঝোলানো ফিতে। পিছনে ঘোমটা দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে অানুশকা শর্মা। ঠিক এ লুকেই কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল ‘সুই ধাগা’র প্রথম পোস্টার। ফার্স্ট লুকেই ভক্তদের মাঝে আলোড়ন তুলেছিল ছবিটি। এবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার।

তিন মিনিট ১১ সেকেন্ডের ট্রেইলারটিও সিনেমাপ্রেমীদের মাঝে উত্তেজনার সঞ্চার করেছে। ট্রেইলারটি মুক্তির দুই দিনের মাথায় এটি দেখা হয়েছে ১ কোটির উপরে।

শরত কাটারিয়া পরিচালিত এই ছবির দম্পতি বরুণ এবং অানুশকার নাম মউজি এবং মমতা। এই ছবিতে বরুণ পেশায় দর্জি। আর তার স্ত্রী অানুশকা জামা-কাপড়ে সুতোর কাজ করেন। মউজির কাজে সাহায্য করতেন মমতা। এ ভাবেই এগিয়েছে ছবির গল্প। এক বেকার গৃহবধূর আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জার্নি এ ছবিতে দেখবেন দর্শক। ভোপাল, দিল্লি এবং মুম্বাইতে হয়েছে এই ছবির শুটিং।

অন্য ছবির মতো এ ক্ষেত্রেও বাছাইয়ের সময় অানুশকা সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন চিত্রনাট্যের ওপর। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবিতে ভারতের বিভিন্ন প্রদেশের সুতোর কাজকে তুলে ধরা হবে। সব মিলিয়ে ফের একটি ভিন্ন ধারার ছবি উপহার দেবেন বরুন-আনুশকা। এমনটাই মনে করছেন বলিউড মহলের একাংশ।