জনপ্রিয় অভিনেতা শহিদুজ্জামান সেলিম। ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন। তবে এই সময়ে আগের মতো অভিনয়ে নেই তিনি। বিশেষ দিবস কিংবা ভালো লাগার মতো কোনো গল্প, চরিত্র পেলে সেটিতে অভিনয় করেন। তারই ধারাবাহিকতায় আসছে ঈদের একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। মাহমুদ দিদারের নির্দেশনায় এটির নাম ‘সিনেমা সিনেমা খেলা’।
এটিতে তিনি অভিনয় করেছেন একজন রাইটারের চরিত্রে। এরইমধ্যে তিনি তার শুটিং শেষ করেছেন বলেও জানান। শহিদুজ্জামান সেলিম বলেন, আমি এখন অনেক কম অভিনয় করি। এই চরিত্রটি খুব মজার। গল্প ও চরিত্র দুটিতেই বেশ বৈচিত্র্য দেখে অভিনয় করেছি। এখন পর্যন্ত ঈদের জন্য এই একটি কাজ আমার করা হয়েছে। কাজের মান ভালো না হলে সেটি না করাই ভালো বলে আমি মনে করি। শহিদুজ্জামান সেলিম ছাড়াও এই টেলিছবিতে আরো অভিনয় করেছেন এলেন শুভ্র ও নীলাঞ্জনা নীলা।
এটিতে এলেন শুভ্রকে দেখা যাবে একজন নবীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। টেলিছবিটি প্রসঙ্গে নির্মাতা মাহমুদ দিদার বলেন, এটিতে আমি দুই প্রজন্মের অভিনেতার সম্বনয় করেছি। গল্পের প্রয়োজনে আমি এই দুজনকে নিয়ে কাজ করেছি। নাটকটি বানাতে গিয়ে আমার কাছে মনে হলো এই টেলিছবির মধ্যেই একটা সিনেমা আছে। একজন নির্মাতার সিনেমাকে যাপন করার একটা গল্প আছে। আর বাস্তব জীবনে সিনেমার গল্প যদি প্রয়োগ করা হয় তবে কি ঘটতে পারে তারই একটা দৃশ্যমান উপস্থাপন এই গল্প। আশা করছি সবাই টেলিছবিটি উপভোগ করবে। একুশ টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে এটি।
