চলচ্চিত্রে অনেক আগেই আলো ছড়িয়েছেন বড়পর্দার জনপ্রিয় মুখ পূর্ণিমা। মাঝে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রাখলেও প্রায় পাঁচ বছর পর নতুন ছবিতে ফিরছেন তিনি। সবশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’ ছবিতে তিনি অভিনয় করেন। ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে সম্প্রতি তিনি নতুন ছবি ‘জ্যাম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মস থেকে নির্মাণ হবে ছবিটি। কৃতাঞ্জলি ফিল্মস থেকে অনেক বছর নতুন কোনো ছবি নির্মাণ করা হয়নি। এই প্রতিষ্ঠান থেকে আটটি ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি ছিল ‘লুটতরাজ’। সর্বশেষ তৈরি হয় ‘পিতা-মাতার আমানত’ ছবিটি। নায়ক মান্না মারা যাওয়ার পর এই প্রতিষ্ঠান থেকে আর কোনো ছবি তৈরি হয়নি। নতুন ছবি ‘জ্যাম’-এ পূর্ণিমার নায়ক হিসেবে দেখা যাবে ফেরদৌসকে। ছবিটিসহ বেশ কিছু বিষয়ে কথা হলো এই অভিনেত্রীর সঙ্গে। পূর্ণিমা ছবিটি নিয়ে বলেন, দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবি দুটির নাম হচ্ছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। দুটি ছবিই পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। তবে এরমধ্যে ‘জ্যাম’ ছবির কাজটি আগে শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে কি ধরনের চরিত্রে তাকে দর্শক দেখতে পাবেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, পুরো কাহিনীটা এখন বলতে চাই না। তবে এটুকু বলতে চাই যে, ছবির কাহিনীতে দেখা যাবে একটি মেয়ে তার হবু বরকে রিসিভ করতে কাজিনসহ ঢাকার বিমানবন্দরে রওনা করে। মেয়েটি মূলত ঢাকার বাইরে থাকে। সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করতে গেলে রাস্তায় ট্রাফিক জ্যামে পড়ে। এরমধ্যে এই জ্যামের কারণে রাস্তায় থাকা গাড়িগুলো বিভিন্ন সমস্যায় পড়ে। দেখা যায় কোনো গাড়িতে রোগী আছে, আবার কোথায়ও গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নানান ঘটনা মেয়েটার গাড়ির আশপাশে ঘটতে থাকে। এ ছবিতে আমি একজন নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করছি। এইতো। আপাতত এটুকুই বলতে চাই। এটা একটা সুন্দর গল্পের মৌলিক ছবি। মান্না ভাইয়ের প্রোডাকশন থেকে ছবিটি নির্মাণ হচ্ছে। আর মান্না ভাইকে নিয়ে আমার অনেক স্মৃতি। সবকিছু মিলে ছবিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। এ ছবিতে প্রতিটি চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ। অন্য ছবির কাজ কবে শুরু করবেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে অন্য ছবিটি নির্মাণ হবে। এরইমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি ও ফেরদৌস ভাই। এ ছবিটিও নেয়ামূল পরিচালনা করবেন। ডিসেম্বরে এ ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা। এই ফেরার বিষয়ে তিনি বলেন, ‘জ্যাম’ ছবিতে চরিত্রের চেয়ে গল্পের প্রাধান্য বেশি রয়েছে। আর মান্না ভাইয়ের প্রোডাকশন অনেক দিন পর নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছে। এটাও অভিনয় করার একটা বড় কারণ। পুরনো ভালো প্রোডাকশনগুলো মান্না ভাইয়ের প্রোডাকশনের মতো আবার চলচ্চিত্র প্রযোজনা শুরু করলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ইতিবাচক দিক হবে। এবার ঈদে কোনো টেলিছবিতে বা নাটকে কি অভিনয় করেছেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, না। এবার ঈদের জন্য কোনো নাটক বা টেলিছবিতে অভিনয় করা হয়নি। তবে বিটিভির ‘আনন্দমেলা’ উপস্থাপনা করলাম। এটি দর্শক ঈদে দেখতে পাবেন। এদিকে মাঝে মাঝে মঞ্চে উপস্থাপনা করলেও টেলিভিশনে প্রথমবার উপস্থাপনা করছেন পূর্ণিমা। আরটিভিতে প্রচার চলতি ‘এবং পূর্ণিমা’ নামের এ অনুষ্ঠানটি তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। এ অনুষ্ঠান থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং সামনের পর্বে অতিথি হিসেবে কে থাকছেন জানতে চাইলে তিনি বলেন, ভালোই সাড়া পাচ্ছি। ১৫-২০টির মত পর্ব হয়েছে। সামনের অনুষ্ঠানে চিত্রনায়ক ফারুক ভাই, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং নিপুণ আমার অতিথি হিসেবে থাকবেন। আর নতুন খবর কি ? উত্তরে বলেন, নতুন খবর হচ্ছে ফেসবুক ডিঅ্যাকটিভ করেছি। অযথা সময় নষ্ট হচ্ছে বলে মনে হয়। আর মানুষের লাইফে কি কি হচ্ছে এটা দেখার আগ্রহ জন্মানোর কারণে ফেসবুক ব্যবহার আপাতত বন্ধ করে দিয়েছি। জানি না কবে আবার এটা চালু করব।
