ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ ছবিতে অর্জুন কাপুর

ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা অর্জুন কাপুর। ছবিটি পরিচালনা করবেন ‘রেইড’ ও ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবির পরিচালক রাজ কুমার গুপ্তা।

এই প্রথম তাকে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অর্জুন তার উচ্ছ্বাস প্রকাশ করে গতকাল শনিবার এক টুইটার বার্তায় জানান, যে কোনো নতুন ছবিতে কাজ শুরুর বিষয়টি যেন একটি চ্যালেঞ্জ। ব্যতিক্রম ঘটেনি এবারও। দেশকে অনুপ্রাণিত করার মতো এমন ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আমি সম্মানিতবোধ করছি। ছবিটি সেইসব বীরদের প্রতি উৎসর্গ করা হবে, যারা দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেন।

তিনি আরও জানান, আমরা অভিনেতারা এমন কাহিনীর সন্ধান করি যা দর্শকদের অনুপ্রেরণা যোগাবে। ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ ঠিক এমন একটি ছবি। এটি সত্য কাহিনীর অবলম্বনে নির্মিত হবে। আমি নিশ্চিত ছবিটি ভারতবাসীর কাছে গর্বের বিষয় হবে।

এদিকে, অনেক বলিউড তারকা এ ছবিতে অভিনয় করার জন্য অর্জুনকে শুভেচ্ছা জানাচ্ছেন। চাচা অনিল কাপুর বলেন, আমি নিশ্চিত প্রতিবারের মতো এবারও তুমি চমৎকার অভিনয় করবে।

অমিতাভ বচ্চন, ফারহান আখতারসহ অনেকে তার সফলতা কামনা করে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন।

সম্প্রতি অর্জুন ‘নামাস্তে ইংল্যান্ড’ ও ‘সন্দিপ অউর পিংকি ফারার’ ছবির কাজ শেষ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ছবির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ছবিটি ২০১৯ সালের ২৯ মে মুক্তি পেতে পারে।