সম্প্রতি ভারতের দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানিকে। দুর্দান্ত ব্যবসা সফল তেলেগুর এ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এ অভিনেত্রী। তেলেগুর পর এবার তামিলের সিনেমায়ও অভিষেক হতে যাচ্ছে কিয়ারার। জনপ্রিয় অভিনেতা বিজয়ের হাত ধরেই তামিল অভিষেক হচ্ছে এ অভিনেত্রীর।
‘থালাপাতি ৬৩’ সিনেমায় বিজয়ের সঙ্গে সঙ্গে জুটি বাঁধছেন কিয়ারা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সূত্রে আরো জানা যায়, ‘থালাপাতি ৬৩’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার কিয়ারার সঙ্গে কথা বলেছেন। পরিচালক কিয়ারাকে নিতে খুবই আগ্রহি। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। যদিও এ বিষয়ে পরিচালক কিংবা কিয়ারা কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এ জি এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
কাজের দিক থেকে ‘সরকার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিজয়। এতে কৃতি সুরেশও অভিনয় করছেন। এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তির কথা রয়েছে। অন্যদিকে কিয়ারা ‘কলঙ্ক’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
