১৮ আগস্ট শপথ ইমরানের

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নিবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার পিটিআই থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ইমরান খানের নিজস্ব বাসভবনে পিটিআই’র সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে আর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো- পাকিস্তানের জাতীয় সংসদের স্পীকার পদে আসাদ কায়সার, পাঞ্জাবের গভর্নর পদে চৌধুরী সারওয়ার ও পাঞ্জাব প্রদেশের স্পীকার পদে চৌধুরী পারভেজ এলাহিকে মনোনয়ন হবে।

তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে ইমরান খান পিটিআই’র নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ি ইমরান খান ১৮ আগস্ট শপথ নেবেন পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে।

তবে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণের তারিখ জাতীয় সংসদের স্পীকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

এদিকে, দেশটিতে গেল ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনের পর প্রথমবারের মতো পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট মানমুন হোসেইন। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুলক প্রেসিডেন্টের কাছে অধিবেশন আয়োজনের আহ্বান জানালে, আগামী ১৩ আগস্ট দিন নতুন অধিবেশনের দিন ধার্য করেন প্রেসিডেন্ট।

ওই দিন সব রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে যাবেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইলে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সে সংখ্যা ইমরানের দল ২২টি আসনে পিছিয়ে ছিল। ইতিমধ্যে সরকার গঠনের জন্য মিত্রদের সমর্থন নিয়ে প্রয়োজনীয় ১৩৭ আসন নিশ্চিত করেছেন তিনি।