সেন্সরে ‘মাতাল’

ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে সায়মনের ‘মাতাল’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা অধরা। মুক্তির অনুমতির জন্য চলতি সপ্তাহেই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ছে।

এ বিষয়ে ছবিটির নির্মাতা শাহীন সুমন জানান, ‘ছবির শুটিং আগেই শেষ করেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ কিছু কাজ বাকি ছিলো। সেগুলো গুছিয়ে নিয়েছি। আজকালের মধ্যেই ছবিটি সেন্সরের জন্য পাঠাবো। সেন্সর ছাড়পত্র পেলেই প্রচারণার কাজ শুরু হবে। আজ নায়ক-নায়িকার পোস্টার ফটোশুট হবে। আমরা প্রস্তুত, ঈদের দর্শককে বিনোদিত করতে।’

তিনি আরও বলেন, ‘ইনশাল্লাহ আসছে কোরবানির ঈদেই ‘মাতাল’ ছবিটি মুক্তি পাবে। আমি বরাবরই দর্শকদের কথা এবং তাদের পছন্দর কথা মাথায় রেখে ছবি নির্মাণ করি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমি আশা করছি ‘মাতাল’ এই ঈদে দর্শকদের একটি ভালো লাগার ছবি হবে।’

সাইমন সাদিক বলেন, ‘ঈদে ‘মাতাল’ মুক্তি পাবে জেনে ভালো লাগছে। অনেক পরিশ্রম করেছি ছবিটির জন্য। শাহীন সুমন ভাই বড় বাজেটে সফল ছবির পরিচালক হিসেবে পরিচিত। তার ছবি ঈদে সবসময়ই ভালো ব্যবসা করেছে। তার মতো নির্মাতার ছবিতে ঈদের নায়ক হয়ে হাজির হতে পারাটা অনেক বেশি আনন্দের।