বড় বাজেটের সিনেমা ‘ভারত’ দিয়ে বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। এতে সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তার। সবকিছু প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছিল। দুই বছর পর বলিউডে ফেরায় প্রিয়াঙ্কাকে অভিনন্দনও জানিয়েছিলেন সালমান।
কিন্তু সব কিছুকে ছাপিয়ে হঠাৎ সিনেমাটিতে কাজ না করার ঘোষণা দেন প্রিয়াঙ্কা। আর এতেই ক্ষেপে যান সালমান। প্রিয়াঙ্কা অপেশাদার আচরণ করেছেন এমন অভিযোগ করে তার সঙ্গে আর কখনো অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন বলিউডের ভাইজান।
জানা যায়, হলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য বলিউডের সিনেমা ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে বাঙালি পরিচালক সোনালী বোসের ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতেও অভিনয়ের কথা-বার্তা চলছে প্রিয়াঙ্কার। এতে ফারহান আখতারের বিপরীতে দেখা যেতে পারে এ তারকাকে।
আর সেই গুঞ্জন আরো উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা। যেখানে তার আসন্ন ফিল্ম ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা গেল তাকে।
ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম। ছবির পরিচালক সোনালী বসু। যার হাত ধরে এসেছে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ -র মতো ছবি। এবার ফরহান-প্রিয়াঙ্কার সঙ্গে তিনি বানাচ্ছেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।
