শ্রীলঙ্কাকে হারাতে ৬ বলে দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ৮ রান। আধুনিক ক্রিকেটে এ রান আর তেমন কি!
ক্রিজে তখনও টিকে ছিলেন ডেভিড মিলার। ‘কিলার’ মিলারের জন্য এ রান দুধ-ভাত! কিন্তু দ্বিতীয় বলে তার আউটে পাল্টে গেল সব চিত্র। লঙ্কান পেসার সুরঙ্গা লাকমালের স্লোয়ারে বোল্ড ১৭ বলে ২১ রান করা মিলার। পরের ৪ বলে এলো মাত্র ৪ রান। ৩ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিল শ্রীলঙ্কা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে জয়ের মুখ দেখল লঙ্কানরা। সেটাও হচ্ছিল না। শেষ ওভারে লাকমাল ম্যাজিকে শেষ হাসিটা হাসে শ্রীলঙ্কা। এর আগে ক্যান্ডিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে ৩৯ ওভারে।
বুধবার টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩০৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে দক্ষিণ আফ্রিকা ইনিংসেও বৃষ্টির বাধা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ ওভারে ১৯১ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা। লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছিল সফরকারীরা। কিন্তু ৩ রানের আক্ষেপে পুড়তে হয় তাদেরকে।
শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন দাসুন শানাকা। মাত্র ৩৪ বলে ৬৫ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ১৯১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা শানাকা ৪ চার ও ৫ ছক্কায় মাতিয়ে রাখেন স্টেডিয়াম। তাকে সঙ্গ দেন থিসারা পেরেরা। ৪৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন পেরেরা। দুজন সপ্তম উইকেটে ১০৯ রানের জুটি গড়েন। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ দিকে ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এর আগে ইনিংসের শুরুতে দলের হাল ধরেন উপুল থারাঙ্গা ও কুশল পেরেরা। থারাঙ্গা ৩৬ ও পেরেরা ৫১ রান করেন। ২২ রান আসে অধিনায়ক ম্যাথুসের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লুঙ্গি এনগিডি ও জেপি ডুমিনি। দুজন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান আন্দ্রিলে ফিকোয়াও, মুল্ডার ও মহারাজ।
জবাবে ব্যাটিংয়ে ভালো করেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারায়। লক্ষ্য তাড়ায় প্রয়োজন ছিল বড় জুটি। কিন্তু সেটা না হওয়ায় লক্ষ্য থেকে বারবার ফসকে যাচ্ছিল। শুরুতে আমলা ২৩ বলে ৪০ ও ডি কক ১৩ বলে ২৩ রান করেন। মাঝে ডুমিনির ২৩ বলে ৩৮ রানে কিছুটা প্রতিরোধ পায়। শেষ দিকে মিলার ও মহারাজের ব্যাটিংয়ে লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিল প্রোটিয়ারা। কিন্তু লাকমালের দারুণ বোলিংয়ে শেষ ওভারে ৮ রান তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
৪৬ রানে ৩ উইকেট নেন লাকমাল। ৩২ রানে ২ উইকেট নেন পেরেরা।
ম্যাচসেরা নির্বাচিত হন দাসুন শানাকা। পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ওয়ানডে হবে ১২ আগস্ট কলম্বোতে। একই মাঠে ১৪ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে দুই দল।
