বিশ্ব রেকর্ড গড়ে চেলসিতে কেপা

কেপা আরিজাবালাগা অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে যাচ্ছেন, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। গতকাল রাতে সেই আনুষ্ঠানিকতাও সারল চেলসি। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

চেলসির সঙ্গে কেপার চুক্তি হয়েছে সাত বছরের। ২৩ বছর বয়সি এই গোলরক্ষককে দলে টানতে তার রিলিজ ক্লজের ৮০ মিলিয়ন ইউরো (৭২ মিলিয়ন পাউন্ড) পরিশোধ করতে হয় ‘ব্লুজ’দের।

গত মাসের শেষ দিকে রোমা থেকে অ্যালিসনকে কিনতে লিভারপুল খরচ করেছিল ৭৩ মিলিয়ন ইউরো (৬৫ মিলিয়ন পাউন্ড)। সেটিই ছিল সবচেয়ে বেশি দামে কোনো গোলরক্ষককে কেনার বিশ্ব রেকর্ড। তার আগে রেকর্ডটা ১৭ বছর ধরে দখলে ছিল ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনের।

চেলসির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও এখন কেপা। গত বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে কিনতে চেলসি খরচ করেছিল ৬৬ মিলিয়ন ইউরো।

বিলবাওয়ের যুব একাডেমিতে বেড়ে ওঠা কেপে গত দুই মৌসুমে ক্লাবটির সিনিয়র দলে ছিলেন। লা লিগায় খেলেছেন ৫৩ ম্যাচ। স্পেন জাতীয় দলের হয়ে খেলে একটি ম্যাচ খেলা কেপা গত বিশ্বকাপে তৃতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছিলেন।

চেলসিতে যোগ দিয়ে কেপা বলেছেন, ‘চেলসির জেতা সব শিরোপা, অন্যান্য খেলোয়াড়, শহর, ইংলিশ প্রিমিয়ার লিগ- এমন অনেক কিছুই আমাকে এই ক্লাবের প্রতি আকৃষ্ট করেছে। আমি খুবই আনন্দিত যে, চেলসি আমার ওপর বিশ্বাস রেখেছে এবং আমাকে দলে নিয়েছে।’

গত জানুয়ারিতে কেপাকে প্রায় কিনেই ফেলেছিল রিয়াল মাদ্রিদ। তখন তার রিলিজ ক্লজ ছিল মাত্র ২০ মিলিয়ন ইউরো। কিন্তু শেষ পর্যন্ত দলবদলটা হয়নি। কেপা বিলবাওয়ের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন।যেখানে তার রিলিজ ক্লজ ২০ মিলিয়ন থেকে এক লাফে বেড়ে দাঁড়ায় ৮০ মিলিয়ন ইউরো।