কয়েকদিন আগে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’। ঢালিউড সুপারস্টারের সঙ্গে পাল্লা দিতে মুক্তি পায় কলকাতার আরো একটি সিনেমা ‘সুলতান দ্য সেভিয়ার’। এতে কলকাতার জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।
মুক্তির পর থেকে দুটি সিনেমা মোটামুটিভাবে ব্যবসা করলেও আন্দোলনের পর থেকে এখন আর হলমুখী মানুষের সংখ্যা অনেকটাই কমে গেছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন জানান, আন্দোলনের প্রভাবে ন্যূনতম ৫-১০ শতাংশের মতো দর্শক কমেছে। তার মতে, এ ধরনের আন্দোলন হলে তা চলচ্চিত্রে প্রভাব পড়া স্বাভাবিক।
আন্দোলনের সময় রাজধানীর সনি সিনেমা হলে চলছিল ‘সুলতান: দ্য সেভিয়র’। ছবিটির ব্যবসা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন প্রেক্ষগৃহের কর্মচারী মো. কাশেম, গণ্ডগোল মারামারিতে সবাই ভয় পায়। তাই প্রেক্ষাগৃহে দর্শকের সংখ্যা কম।
‘ভাইজান এলোরে’ নিয়ে দেশের বৃহত্তম সিনেমা হল মনিহারের ব্যবস্থাপক আলী আকবর জানান, আন্দোলনের প্রভাবে পাঁচভাগের মধ্যে দর্শক সংখ্যা এক ভাগে নেমে এসেছে গত সপ্তাহে।
তিনি আরো বলেন, শুক্রবার থেকে দর্শক কমতে শুরু করে। একবার বাধা পেলে তো আর দর্শক ফিরে আসে না। সিনেমার দর্শকদের একটা রেশিও থাকে। দর্শকরা যখন আসতে ভয় পাবে তখন তো আর আসবে না। মানুষ তো সিনেমা হলে আনন্দ করতে আসে। কিন্তু পরিস্থিতি তেমন ছিল না।
