মোস্তাফিজকে নিয়ে মুম্বাইয়ের বিশেষ টুইট

চোটের কারণে টেস্টে না খেলতে পারলেও ওয়ানডে-টি টোয়েন্টিতে ফিরে দারুণ পারফর্ম করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। সফরে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি মিলিয়ে ১৩ উইকেট সংগ্রহ করেছেন তিনি।মোস্তাফিজের এই পারফর্ম কিছুটা হলেও ভুল ভাঙ্গতে সাহায্য করেছে নিন্দুকদের।

উইন্ডিজদের বিপক্ষে বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজ ছিলেন বেশি কার্যকর। সেখানে ৩ ম্যাচে ৮টি উইকেট তুলেছেন তিনি। যদিও তার রান দেয়ার মাত্রাটা ছিল তুলনামূলক বেশিই। ওভার প্রতি ১০+ ইকোনমি হারে রান খরচ করেছেন কাটার মাস্টার।

জাতীয় দল ছাড়াও মোস্তাফিজের এমন ফিডব্যাকে যার পর নাই আনন্দিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্লোরিডার লডারহিলে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল টুইটার পেজে মোস্তাফিজের প্রশংসা করে একটি টুইটও করে। যাতে লিখা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট, মোস্তাফিজুর রহমান সিরিজটা শেষ করেছে শীর্ষ উইকেট সংগ্রাহক হিসেবে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’