প্রথমবারের মত ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে দেখা যাবে নতুন এ জুটিকে। এ ছবিতে অভিনয়ের জন্য লিখিত চুক্তি না হলেও দুই তারকার সঙ্গে মৌখিক আলাপ চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করবেন শামীম আহমেদ।
জানা গেছে, ঈদুল আজহার পর ‘শাহেনশাহ’ ছবির কাজ শুরু হবে। শুরুতে ছবির কাজ হবে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। এই ছবিতে শাকিবের বিপরীতে নুসরাত ফারিয়া ছাড়া আরও একজন নায়িকা অভিনয় করবেন।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট ছবির মহরত অনুষ্ঠিত হবে। ছবিতে আরও কিছু চমক থাকবে। সেটা মহরতের সময় সবাই জানতে পারবেন।’
এদিকে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ভেবেই দারুণ খুশি নুসরাত। এ অভিনেত্রী বললেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি। কিছুটা মানসিক চাপ অনুভব করছি। কারণ তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারব তো!’
এদিকে শাকিব খান বলেন, ‘অভিনয় দিয়ে নুসরাত ফারিয়া এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছে। আমিও অন্য নায়িকাদের নিয়ে কাজ করতে চাই। কারণ দর্শক আমার সঙ্গে নতুন মুখ দেখতে চান। তা ছাড়া আমি চাই, আমাদের চলচ্চিত্রে নতুনেরা আসুক।’
উল্লেখ্য, ২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নুসরাত। এরপর বাংলাদেশ ও ভারতের কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এ অভিনেত্রী।
