২০ বছর পর একসঙ্গে তিন তারকা

শাহরুখ খান-সালমান খান একসঙ্গে। শুধুমাত্র এ তথ্যেই কেঁপে ওঠে বলিউড পাড়া। এই দুই তারকা যেখানেই একসঙ্গে হাজির হন, সেখানটাই আলোকিত হয়ে ওঠে। একসঙ্গে দুজনকে বড় পর্দায় দেখা না গেলেও মঞ্চ কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাঝে মাঝেই একসঙ্গে হাজির হয়েছেন।

আর তাদের একত্র হওয়া মানেই দর্শকদের মাঝে অন্যরকম উন্মাদনা। সেই ধারাবাহিকতায় এই দুই তারকার ভক্তদের জন্য থাকছে অারো একটি সুখবর। আবারো একসঙ্গে হাজির হচ্ছেন এ দুই সুপারস্টার। চমকের এখানেই শেষ নয়, তাদের সঙ্গে দেখা যাবে রানী মুখার্জীকেও।

সর্বশেষ ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। করন জোহর পরিচালিত এ সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পায়। প্রায় ২০ বছর আবারো একসঙ্গে হাজির হতে যাচ্ছেন তারা। যদিও কোনো ছবিতে নয়, একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হবেন তারা। এ তথ্যই দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

সূত্রে জানা যায়, সম্প্রতি সালমান খান টেলিভিশন শো ‘দশ কা দম’-এর শুটিং শেষ করেছেন। এই অনুষ্ঠানের ফাইনাল এপিসোডে হাজির হবেন এই তিন তারকা। তিনজন মিলে পারফরম্যান্সও করার কথা রয়েছে।

উল্লেখ্য, ‘জিরো’ সিনেমার শুটিং শেষ করেছেন শাহরুখ খান। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা প্রমুখ। অন্যদিকে আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এতে আরো আছেন ক্যাটরিনা কাইফ, টাবু, দিশা পাটানি প্রমুখ। আর দীর্ঘদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত থাকা রানী মুখার্জী ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন অনুষ্ঠান কিংবা অ্যাওয়ার্ড মঞ্চ নিয়েই।