ছোটপর্দার তারকারা সারাবছরই ব্যস্ত সময় পার করেন নাটক কিংবা টেলিফিল্মে । তবে উৎসব ছাড়া বাকি সময়ে ধারাবাহিকের কাজই থাকে বেশি। কিন্ত একক কিংবা ধারাবাহিক বিশেষ নাটকে অভিনয়ের তোড়জোড় শুরু হয় দেশের যেকোনো উৎসবকে কেন্দ্র করে। উৎসব এলেই দৈনন্দিন ব্যস্ততার পালে যেন হাওয়া লাগে কয়েকগুণ বেশি। সামনেই আসছে ঈদ । এরইমধ্যে শিল্পী-নির্মাতাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে ঈদের নাটকের ব্যস্ততা। অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ অন্যান্য কলাকুশলীদের যেন দম ফেলার সময় নেই। শুটিংয়ে আজ পূবাইল তো কাল উত্তরা। এমনকি দেশের বাইরেও নাটকের শুটিংয়ের জন্য উড়াল দিতে হচ্ছে তাদের।
সম্প্রতি রাজধানীর উত্তরায় এমনই একটি তারকাবহুল ধারাবাহিক নাটকের শুটিং শেষ হল। নাম চুড়ান্ত না হওয়া এ নাটকটি নির্মিত হয়েছে ছয় পর্বে। আর এ নাটকের বিভিন্ন চরিত্রে রয়েছেন সজল,মিলা,দীপা খন্দকার,আহসান হাবিব নাসিম,অরুণা,জয়ন্ত চট্টপাধ্যায়। নাটকের গল্পে দেখা যাবে, সজল একজন এতিম ছেলে যে কিনা পুরান ঢাকায় বড় হয়েছে। সেখানে এক চাচার বাসায় বাজার করে দেওয়াসহ নানারকম কাজে সহযোগীতা করে।একটা সময় সেই বাড়িতে বেড়াতে আসে মিলা। মিলাকে দেখে প্রেমে পড়ে যায় সজল।
সজল বলেন, ‘ঈদের ছয় পর্বের এ নাটকে আমাকে দেখা যাবে একটি এতিম ছেলের চরিত্রে। যে কিনা এলাকার সবাইকে কাজে সহযোগীতা করে।গল্পটা একটু অন্যরকম। এখানে প্রেম ভালোবাসা ছাড়াও পারিবারিক ঝামেলার অনেক কিছুই দেখানো হয়েছে।’ মিলা বলেন, ‘দেশে ফিরে খুব একটা কাজ করছিনা। এই নাটকের গল্পটা ভালো লাগায় আর আমার বন্ধু সজল আছে তাই কাজটি করেছি। এই নাটকে আমি সজলের প্রেমিকার চরিত্রে অভিনয় করি।আমার মায়ের চরিত্রে আছেন অরুণা দিদি আর মামার চরিত্রে নাসিম ভাই।’
দীপা খন্দকার বলেন, ‘একটা পারিবারিক গল্পের নাটক ।এখানে আমি নাসিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।নাম চুড়ান্ত না হওয়া ছয় পর্বের এ নাটকটি পরিচালনা করেছেন মোহন খান। আসছে ঈদে এটিএন বাংলা চ্যানেলে নাটকটি প্রচার হবে।’
