‘হেলিকপ্টার ইলা’র নতুন পোস্টার

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী কাজল তাঁর আসন্ন ছবি ‘হেলিকপ্টার ইলা’র পোস্টার শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানান, সিনেমার ট্রেলার মুক্তি পাবে আগামী ৫ আগস্ট। ট্রেলার মুক্তির তারিখ জানানোর পাশাপাশি অভিনেত্রী অনুরাগীদের তাঁর আসন্ন জন্মদিনের কথাও মনে করিয়ে দেন।

পোস্টারে কাজলের সঙ্গে তাঁর অনস্ক্রিন ছেলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনকে দেখা যাচ্ছে। সিনেমায় কাজল একজন সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করবেন এবং পোস্টারে তাঁর চরিত্রকে বর্ণনা করা হয়েছে ‘তিনি এখানে, তিনি সেখানে, তিনি সর্বত্র’।

কাজলের স্বামী অজয় দেবগন এই ছবির প্রযোজনা করছেন। গত মাসে ইনস্টাগ্রামে একটা পোস্টার শেয়ার করে তিনি লেখেন, হেলিকপ্টার ইলা ২০১৮ সালে সন্তান প্রতিপালনপদ্ধতি পুনরাবিষ্কার করছে।

একই পোস্টার শেয়ার করে কাজল লেখেন, আমার সন্তানকে ধরে রেখেছি এভাবে।

আনন্দ গান্ধীর গুজরাটি নাটক ‘বেটা কাগদো’ অবলম্বনে ‘হেলিকপ্টার ইলা’ তৈরি হয়েছে। এই ছবিতে নেহা ধুপিয়া এবং টোটা রায় চৌধুরীকেও বিশেষ চরিত্রে দেখা যাবে। এ বছর জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু হয়। ‘মর্দানি’ ও ‘পরিণীতা’ খ্যাত পরিচালক প্রদীপ সরকার ছবিটি পরিচালনা করেছেন।

আগামী ৭ সেপ্টেম্বর ‘হেলিকপ্টার ইলা’ মুক্তি পাবে।