টিভি নাটকে এখন দেখাই যায় না শমী কায়সারকে। কিন্তু এখনো দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন সুবর্ণা মুস্তাফা। তবে এ দুই অভিনেত্রীকে আগে কখনো একসঙ্গে কোনো টিভি নাটকে দেখা যায়নি। এবার দেখা যাবে। আগামী ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন টিভি নাটকের দুই নন্দিনী।
বদরুল আনাম সৌদের গল্পে আরিফ খানের নির্দেশনায় সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সার কাজ করেছেন ‘যাত্রা পথের গল্প’ নামের নাটকে। এতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নাটকটির গল্প সুন্দর। যেহেতু গল্পের প্রয়োজনে ট্রেনের মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে, তাই আমাদের সবাইকে অনেক শ্রম দিয়ে ধৈর্য্য ধরে কাজটি করতে হয়েছে। শমী তো এখন অভিনয় করেই না বলা চলে। তারপরও শমী এই নাটকটি অনেক কষ্ট করে করেছে। তাই আমার বিশ্বাস খুব ভালো একটি নাটকই হচ্ছে যাত্রা পথের গল্প।’ শমী কায়সার বলেন, ‘সুবর্ণা আপার সঙ্গে মঞ্চে অভিনয় করেছি। কিন্তু কখনো টিভি নাটকে অভিনয় করা হয়ে উঠেনি। বিষয়টি যখন আমরা দুজনই ভাবলাম, তখন বেশ অবাকই হলাম। তবে বেশ কয়েকবার একসঙ্গে কাজ করানোর চেষ্টাও করেছেন বেশ ক’জন নির্মাতা। অবশেষে আরিফ খানের নির্দেশনাতেই কাজটি করা হলো। গল্পটা এক কথায় চমৎকার। সুবর্ণা আপাকে দেখে দেখেই কিন্তু অভিনয়ে আসার অনুপ্রেরণা পাই এবং একসময় অভিনেত্রীও হয়ে উঠি। তাই তার সঙ্গে প্রথম টিভি নাটকটিও আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’ নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার বদরুল আনাম সৌদ বলেন, ‘আমরা বেশিরভাগ সময়ই মানুষের বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করি, যা একেবারেই সঠিক নয়। আবার দাম্পত্য জীবনে যখন বন্ধুত্ব থাকে না তখন সে জীবন শুধুই দাম্পত্য জীবন হয়ে ওঠে। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ।’ আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘যাত্রা পথের গল্প’ নাটকটি।
