নব্বইয়ের দশকে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। খলনায়ক হিসেবেও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই নায়ক। উপহার দিয়েছেন বেশ কিছু কমেডি চলচ্চিত্র। যা বিস্তর প্রশংসা কুড়িয়েছে।
বয়স পঞ্চাশ হলেও কর্ম এবং চিন্তায় এখনো তারুণ্যের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। এ বয়সে এসেও এতটা তারুণ্য কীভাবে ধরে রেখেছেন? এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অক্ষয় কুমার বলেন, ‘রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া আর সকালে ওঠা। সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে দেখুন, ভালো লাগবে। ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলেছে কারণ ওই দেশে যুবক থেকে বৃদ্ধ সবাইকে যে কোনো একটি খেলা খেলতেই হয়। কিন্তু আমাদের দেশে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি সবাইকে অনুরোধ করছি, যে কোনো একটা খেলা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন, তাতে মনও ভালো থাকবে।’
তিনি আরো বলেন, ‘আমাকে অনেকে ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যালি কারেক্ট বলেন। আমি সেটা স্বীকারও করছি। কিন্তু আমি কোনো দিন কারো নিন্দা করিনি। কোনো সাক্ষাৎকারে কারো নামে খারাপ কথা বলিনি। দেখবেন, আমার নামেও কেউ খারাপ কথা বলেন না। মার্শাল আর্টের মূল মন্ত্র— ধৈর্য রাখা। সব নেতিবাচক বিষয় থেকে মনকে দূরে রাখা। পরিবারের সঙ্গে সময় কাটান। এগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। কিন্তু সমস্যা হলো আমরা ভুলে যাই।’
অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্যাডম্যান’। চলতি বছরই মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর সমালোচকদের বেশ প্রশংসা কুড়ায় এটি। বর্তমানে ‘হাউসফুল ফোর’, ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। এ ছাড়াও ‘গোল্ড’, ‘টু পয়েন্ট জিরো’ ও ‘কেসারি’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।
