গত মাসে ১১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মূলত প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে মনোমালিন্যের ঘটনায় দীর্ঘ নয় বছরের সম্পর্কচ্ছেদ করেন তিনি। পর্তুগিজ তারকার চলে যাওয়ার পর ক্লাবটি আরো দুইজন তারকাকে নিয়ে শঙ্কা দেখা দেয়। যদিও পরবর্তীতে কোচ-প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
সেই রেষ কাটতে না কাটতে এবার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ক্লাবটির আরেক মিডফিল্ডার লুকা মডরিচকে নিয়ে। রাশিয়া বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠে তা গলায়। আর সে সময় রিয়ালে খেলা এ তারকার ওপর এবার নজর পড়ে ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলানের।
আর এ নিয়ে স্কাই স্পোর্টস ইতালির খবর, ক্রোয়েশিয়ান তারকার প্রতি ইন্টার মিলান দারুণ আগ্রহ দেখিয়েছে। নিজেদের ক্লাবের সুদিন ফেরাতে তাকে ক্লাব চায় মিলান কর্তৃপক্ষ।
সিরি’আ ক্লাব ইন্টার মিলানেই ইতোমধ্যেই নাম লিখিয়েছেন তিন ক্রোয়েশিয়ান মার্সেলো ব্রোজোভিচ, ইভান পার্সিক এবং অ্যাটলেটিকো থেকে ধারে খেলতে যাওয়া সিমি ব্রাসালিজকো। সব কিছু ঠিক থাকলে মডরিচ হবেন ক্লাবটির চতুর্থ ক্রোয়েশিয়ান ফুটবলার।
প্রসঙ্গত, রোনালদো চলে যাওয়ার পর বিবিসি’র বাদ বাকি দুই ত্রয়ী বেল-বেনজেমাকে নিয়ে বিপাকে পড়ে রিয়াল। কারণ তারাও চেয়েছিলেন রোনালদোর মতো কেটে পড়তে। তবে রিয়াল কর্তৃপক্ষে কৌশলী প্রদক্ষেপে বিষয়টি মীমাংসিত হয়।
