অভিনয়ে যখন ঈশিতা দর্শকের মন কেড়ে নিয়েছিলেন, তখন থেকেই ভক্তরা তার অভিনীত নাটক দেখার অপেক্ষায় থাকতেন। কিন্তু সময় যত গড়ায় অভিনয় থেকে ঈশিতা তত দূরে সরে যেতে থাকেন। তারপরও সেই দর্শকেরা অপেক্ষায় আছেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঈশিতাকে এবারের ঈদে দেখা যাবে ছোট পর্দায়। তাকে নিয়ে লিখেছেন অভি মঈনুদ্দীন
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বড় ভাই রাজীবের কাছে গেলেন ঈশিতা। সঙ্গে তার স্বামী ও দুই সন্তান—যাবির ও আযরিন। সেখানেই ঈদ করবেন এবার। গেল শুক্রবার ‘ইত্তেফাক’-এর সাথে কথা হলো রাজধানীর উত্তরায় তার বাবা-মায়ের বাসায়। জুম্মার নামাজের আগে মোহসীন আহমেদ কাওছারের ক্যামেরায় ঈশিতা কোনোরকম প্রস্তুতি নিয়ে ছবি তুললেন। ছবি তুলতে তুলতে ঈশিতা বলছিলেন, ‘এখন আর আগের মতো ছবি তুলতে ভালো লাগে না। যে কারণে ছবি তোলার জন্য প্রস্তুতি নিতেও ভালো লাগে না। কিন্তু তারপরও ‘ইত্তেফাক’-এর জন্য কিছু ছবি তোলা প্রয়োজন বলেই আজ সময় নিয়ে ছবি তুলছি। ঈশিতার কথার মাঝখানেই বলতে হলো আমাকে, ‘ঈশিতা, আপনি হয়তো ছবি তুলতে আগ্রহী না, কিন্তু দেশজুড়ে আপনার যে ভক্তরা আছেন, তারা আপনার সম্পর্কে জানতে চায়, আপনি কী করছেন না করছেন। তাই নতুন ছবি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে অনেক সময়।’ ঈশিতা বিশ্বাস করেন আপন মনে যে তার ভক্তরা তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। ঈশিতা ভক্তদের চিঠিও আসে প্রায়ই ‘ইত্তেফাক’-এর অফিসে। সেখানে ঈশিতার খোঁজখবর জানতে চান তারা। যে কারণে আনন্দ বিনোদনে এবার তাকে নিয়ে বিশেষ এই আয়োজন। ঈশিতা প্রায় একযুগ চ্যানেল আইতে চাকরি করেছেন। এখন দুই সন্তানের দিকে বিশেষ মনোযোগ দিতে হয় বলে চাকরি করছেন না। তবে চ্যানেল আইয়ের দিনগুলো খুব মিস করেন এ কথা বেশ ভালোলাগা নিয়েই স্বীকার করেছেন তিনি। ঈশিতা বলেন, ‘চ্যানেল আই আমার কাছে আমার পরিবারের মতোই মনে হতো। যে কারণে ভীষণ ভালোলাগা নিয়ে সেখানে চাকরি করতাম।’ চার বছর আগে ঈশিতা শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘চোর গেলো ভূত এলো, ভূত গেলো ডাকাত এলো’ নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। বিরতির পর গেল ঈদে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রাফায়েলের নির্দেশনায় ‘কাঠপেন্সিল’ টেলিফিল্মে অভিনয় করেন। তবে ঈশিতা বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতার অংশের কাজ আমি বেশ ভালোভাবে শেষ করেছি। আমি নিশ্চিত কাজটা ভালো হবে, কারণ প্রত্যেক পরিচালকই চান তার কাজটি যেন ভালো হয়। কিন্তু তারপরও আমি দ্বিধান্বিত, কারণ ঢাকার অংশের কাজটুকু ভালোভাবে শেষ করা হয়নি।’ এদিকে আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য রেদওয়ান রনি নির্মাণ করেছেন ঈশিতাকে নিয়ে ‘ঝরা পাতার দিন’ নাটকটি। এই নাটকে অভিনয় প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘খুবই প্রস্তুতি নেওয়া এবং হোম ওয়ার্ক করা একটি ইউটিন ছিল রেদওয়ান রনির। একজন শিল্পীর কাছ থেকে নির্মাতা কী চান, তা বেশ গুছিয়ে বলতে পারেন রনি। ক্যামেরায় নতুন একটি ছেলে নাজমুল কাজ করেছেন, এক কথায় তার কাজে মুগ্ধ আমি। মূল কথা হলো রনির ইউনিটের প্রত্যেকের মাথায় এটি ছিল যে একটি ভালো কাজ করতে হবে। আমি খুবই আশাবাদী ঝরা পাতার দিন নাটকটি নিয়ে।’ এদিকে সোহেল আরমানের কথায় এবং ইবরার টিপুর সুর-সংগীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ঈশিতা। তবে গানটি এখনো প্রকাশিত হয়নি। ঈশিতা জানান, যুক্তরাষ্ট্র থেকে আসার পর তিনি গানটির মিউজিক ভিডিও নিয়ে ভাববেন। অভিনয়ে এখন নিয়মিত দেখা যায় না কেন আপনাকে? জবাবে ঈশিতা বলেন, ‘আমি আমার ব্যক্তিগত কাজ নিয়ে এত ব্যস্ত যে ভালো স্ক্রিপ্ট পেলেই হলো না, সময়টাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে এটাই সত্যি আমার ভক্ত-দর্শকের কথা চিন্তা করেই আমি ‘কাঠ পেন্সিল’ ও ‘ঝরা পাতার দিন’-এ অভিনয় করেছি।’ প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এরপর আর গল্প ভালো লাগেনি বলে নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।
