প্রকৃতির ক্যানভাসে জীবনের রঙ’ শিরোনামে ল্যাবএইড ফাউন্ডেশন ষষ্ঠবারের মতো দেশের ২৪ জন চিত্রশিল্পী নিয়ে ৭ দিনব্যাপী এক মিলনমেলার আয়োজন করে রাঙ্গামাটিতে। গত ১৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এই আর্ট ক্যাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী বরেণ্য চিত্রশিল্পীরা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি, কবি ও শিল্পসমালোচক রবিউল হুসাইন। দেশাত্মবোধক গান আর আদিবাসীদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য দেন বিশেষ অতিথি রবিউল হুসাইন, শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, শিল্পী মনিরুল ইসলাম ও ক্যাম্পের সমন্বয়ক সাইফুর রহমান লেনিন। এই আর্ট ক্যাম্পে মূলত তরুণ ও প্রবীণ চিত্রশিল্পীদের সমন্বয় ঘটে। তরুণ শিল্পীরা তাদের চিত্রকর্ম নিয়ে প্রবীণদের সাথে ভাবনা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা পান। এখানে প্রবীণদের সংস্পর্শে থেকে তাদের ছবি আঁকার কৌশল দেখার পাশাপাশি প্রবীণদের দ্বারা তরুণদের চিত্রকর্ম বিচার-বিশ্লেষণের এক অনবদ্য সুযোগ সৃষ্টি হয়।
এরপর ১৯ জুলাই ক্যাম্পের সমাপনী দিনে শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটিতে রাঙ্গামাটির প্রকৃতির এক অনবদ্য প্রতিফলন দেখা যায়। এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের আঁকা ছবি নিয়ে ঢাকার কোনো খ্যাতনামা গ্যালারিতে প্রদর্শনীর মাধ্যমে চিত্রকর্মগুলো বিক্রয়ের উদ্যোগ নেওয়া হবে। প্রদর্শনীর বিক্রয়লব্ধ অর্থ গরিব, দুস্থ রোগীদের চিকিত্সা সেবায় ব্যয় করা হবে। পাশাপাশি অবিক্রিত চিত্রকর্মগুলো পরবর্তীতে ল্যাবএইড হাসপাতাল এবং ল্যাবএইডের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে প্রদর্শন করা হবে।
১৩ থেকে ২০ জুলাই পর্যন্ত আয়োজিত এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন সমরজিত্ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনসুর উল করিম, অলোকেশ ঘোষ, আইভি জামান, তরুণ ঘোষ, রণজিত্ দাশ, আহমেদ শামসুদ্দোহা, রেজাউন নবী, দিলারা বেগম জলি, সিদ্ধার্থ শংকর তালুকদার, কাজী সালাউদ্দিন, রাশেদুল হুদা, বিপাশা হায়াতসহ ২৪ জন চিত্রশিল্পী।
