প্রবাসীদের নিয়ে ‘জয়যাত্রা’ টেলিভিশন

হেলেনা জাহাঙ্গীর। একাধারে টিভি উপস্থাপিকা, ব্যবসায়ী ও সমাজসেবী। তিনি এখন ব্যস্ত রয়েছেন তার ‘জয়যাত্রা’ টিভি চ্যানেল নিয়ে। খুব শিগগির দর্শকের সামনে এটি নিয়ে আসতে চান তিনি। আমাদের দেশের চালিকাশক্তির একটি অংশ প্রবাসীদের আয়ের ওপর নির্ভরশীল। সেই প্রবাসীদের নিয়ে আমাদের দেশের টিভি চ্যানলেগুলোর থাকে না কোনো আয়োজন। তারা বিনোদনের জন্য পর্যাপ্ত চ্যানেল দেখতে পায় না। সেই প্রবাসীদের জন্য তিনি জয়যাত্রা টিভি চ্যানেলটির উদ্যোগ নিয়েছেন। হেলেনা বলেন, ‘আমাদের দেশে প্রায় ৪১টি চ্যানেল আছে। কিন্তু প্রবাসীদের নিয়ে কোনো চ্যানেল নেই। আমি প্রবাসীদের বিনোদনের জন্য এই চ্যানেলটির আয়োজন করছি। এটিতে প্রবাসীদের বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের প্রতিদিনের সুখ-দুঃখ তুলে ধরা হবে। সৌদি আরব, ব্রুনাই, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আমার এই চ্যানেল সম্প্রচারের ব্যবস্থা করছি।’ সম্প্রতি তিনি জয়যাত্রা মাল্টিমিডিয়া নামেও একটি প্রযোজানা প্রতিষ্ঠান চালু করেছেন। এখান থেকে তিনি নাটক, টেলিফিল্ম ও শর্টফিল্ম নির্মাণ করবেন বলে জানান। বর্তমানে টিভি চ্যানেলগুলোতে হেলেনার নিয়মিত পদচারণা রয়েছে। বাংলাটিভিতে তিনি তিনটি টকশো উপস্থাপনা করছেন।