আবারো নতুন ধামাকা নিয়ে আসছেন দুই ভাই প্রতীক ও প্রীতম। গানটির শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’। গানচিলের ব্যানারে আগামীকাল ভিডিও কন্টেন্ট আকারে গানটি প্রকাশ করা হবে! গানটিতে ডুয়েট কণ্ঠ দিয়েছেন এই দুই ভাই। সুর ও সঙ্গীত করেছেন প্রীতম। কথা লিখেছেন লুত্ফর হাসান।
এফডিসিতে সেট বসিয়ে গানটির ভিডিওর শুটিং হয়। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া। একটি বিশেষ দৃশ্যে হাজির হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এ প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘আমি সবসময়ই নতুন কথা এবং মজার মজার বিষয় নিয়ে গান করতে পছন্দ করি। এবারের গানটিও অনেক ইন্টারেস্টিং। গানের গল্পের সঙ্গে মিল রেখেই অংশু ভাই ভিডিওটি বানিয়েছেন। আমার ভক্ত-শ্রোতারা গানটি দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
