এবার পিকের রেকর্ডও ভাঙল ‘সাঞ্জু’

মুক্তির পঞ্চম সপ্তাহে এসেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে রণবীর কাপুর অভিনীত ‘সাঞ্জু’। একের পর এক রেকর্ড ভাঙার পর এবার ভারতীয় ইতিহাসের সেরা সিনেমা পিকেকেও পেছনে ফেলেছে ছবিটি। সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় আমির খানের পিকে সিনেমাটিকে টপকে গেল সঞ্জয় দত্তের জীবনি নিয়ে নির্মিত ছবিটি।

২০১৪ সালে মুক্তি পায় আমির খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’। ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করে সাড়ে তিনশ কোটির উপরে। এদিকে চলতি বছরের ২৯ জুন মুক্তি পাওয়া সাঞ্জু এক মাসের মাথায় সেই আয়কেও ছাড়িয়ে গেছে।

এর মধ্যে দিয়ে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায়ও তৃতীয় অবস্থানে উঠে এসেছে সাঞ্জু।

উল্লেখ্য, সঞ্জয় দত্তের জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘সাঞ্জু’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কৌশল, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।

ভারতে প্রায় চার হাজার এবং বিশ্বের ৬৫টির বেশি দেশে ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ভালো আয় করেছে সিনেমাটি। বিশেষ করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে এটি বেশ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটির বর্তমান আয় প্রায় ৫৮০ কোটি রুপি। শোনা যাচ্ছে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।