‘ইচ্ছেগুলো’র এক কোটি!

জনপ্রিয় গান উপহার দিয়ে এর আগেও কোটি ভিউয়ের স্বাদ পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এবার সেই তালিকায় যোগ হল ‘ইচ্ছেগুলো’ শিরোনামের গানটি। গত বছরের এপ্রিলের ২৭ তারিখে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় মিউজিক ভিডিওটি। মুক্তির ১৫ মাসের মাথায় এসে এ মাইলফলক স্পর্শ করল রোমান্টিক ঘরানার এই গান।

এতে কনা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। মোশন রক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় নির্মিত গল্পনির্ভর ব্যয়বহুল এই ভিডিওতে দেখা গেছে কণ্ঠশিল্পী কনাকেও।

গানটির ভিউ কোটি অতিক্রম করায় উচ্ছ্বসিত কনা। জানালেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। কৃতজ্ঞ নাজির ভাই আর মুশফিক ভাইর প্রতি। গানটির ভিডিওটাও অসম্ভব সুন্দর ছিল। শুরুতেই আমার মন বলছিলো এই গানটি অনেকদূর যাবে। অনেক দিন টিকে থাকবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্যদিয়ে সেটিই প্রমাণ হলো। গানটি যত্ন করে প্রকাশের জন্য সিএমভিকে ধন্যবাদ।’

উল্লেখ্য, কনা সংগীত জীবন শুরু করেন ২০০০ সালে। প্রথম অ্যালবাম ‘জ্যামিতিক ভালবাসা’, যা বের হয় ২০০৬ সালে। এরপর দ্বিতীয় একক ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে ‘কনা’ নামে। তার তৃতীয় একক ‘সিম্পলি কনা’ বের হয় ২০১১ তে।