কয়েকদিন আগেই শোবিজের এক সময়ের জনপ্রিয় মুখ ইপশিতা শবনম শ্রাবন্তীর বিচ্ছেদের খবর পাওয়া যায়। এ অভিনেত্রীকে তালাকের আইনি নোটিশ পাঠান তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম।
অবশেষে আজ দুই পক্ষের উপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে শ্রাবন্তীকে দেয়া খোরশেদ আলমের তালাকের নোটিশের কার্যক্রম পারিবারিক মোকাদ্দমা ৬৬৯/১৮ নিষ্পত্তি না হওয়া পযর্ন্ত স্থগিত করা হয়েছে। নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘অজস্র কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি। পুরো প্রক্রিয়াটি করেছেন শ্রাবন্তীর পক্ষে সিনিয়র এডভোকেট ফওজিয়া করিম ফিরোজ, ফিরোজা পারভীন লাকী এবং মলয় সাহা। দেশের আইন সত্যের পথে আছে। এই প্রথম জজকোর্টে নিজের চোখে দেখলাম।’
শ্রাবন্তী ও খোরশেদ আলমকে আবারও একসঙ্গে দেখতে চান এই নির্মাতা। তিনি বলেন, রাবিয়া ও আরিশা (শ্রাবন্তী-খোরশেদ আলমের সন্তান) মা-বাবাকে একসাথে নিয়ে হাসি খুশি থাকো, আনন্দে থাকো। এই প্রার্থনা। আলম ভাই এবং শ্রাবন্তী তোমাদের আবার একসাথে দেখার আশায়, এই কামনা করি বিধাতার কাছে।’
উল্লেখ্য, ২০১০ সালে শ্রাবন্তীকে বিয়ে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম। তাদের সংসারে দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন খোরশেদ। দীর্ঘদিন ৭ বছর সংসার করার পর চলতি বছরের মে মাসে হঠাৎ শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠান খোরশেদ। শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৫ জুন তিনি দেশে ফিরেছেন।
