ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। গত দুদিনের বৃষ্টিও বাধা হতে পারেনি ছবির কাজে। আর অল্প কিছু কাজ করলেই ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছিলেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।
এর মাঝেই ঘটলো বিপত্তি। আজ সিনেমার শ্যুটিং করতে রাজধানীর প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) এলাকায় অনুমতি না নিয়ে শ্যুটিং করবার দায়ে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ সিনেমার প্রায় দশজন কলাকুশলীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এসপিবিএন কন্ট্রোল রুম। মূলত গণভবন ও তার আশেপাশের এলাকার নিরাপত্তার দ্বায়িত্ব পালন করে এসপিবিএন।
জানা গেছে, আজ আউটডোরে শ্যুটিং করতে গেলে অনুমতি না নিয়েই সংরক্ষিত এলাকায় কাজ করছিলেন ‘ক্যাপ্টেন খান’ সিনেমার কলাকুশলীরা। এসময় ওই এলাকায় শ্যুটিং করবার জন্য কোন অনুমতিপত্র না থাকায় শ্যুটিং ইউনিটটিকে আটক করে এসপিবিএন। পরে তাদেরকে নিকটস্থ থানা শের ই বাংলা নগর থানার এএসআই শরীফুলের নিকট হস্তান্তর করা হয়।
কলাকুশলীদের আটকের বিষয়টি নিয়ে শের ই বাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস নিজেও অবগত আছেন বলে নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্রটির পরিচালক ওয়াজেদ আলী সুমনের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা ব্যাস্ত দেখায়। তবে কারা কারা বর্তমানে পুলিশের হেফাজতে আছে তা নিশ্চিত করা যায়নি।
