নতুন নিয়মে ৬ষ্ঠ বিপিএল

৫ জানুয়ারী-৮ ফেব্রুয়ারি ২০১৯’-বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের শুরুর সম্ভাব্য দিনক্ষণ ঠিক করেছে গভর্নিং বোর্ড। তারপরও মাঠের লড়াইয়ের জন্য দোটানায় পড়তে হবে ভক্তদের। অপেক্ষা করতে হবে কখন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ধারণা মতে, চলতি বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সে হিসেবে বিসিবির চিন্তা আগামী বছরের শুরুতে বিপিএল আয়োজন করা।

এদিকে রোববার (২৯ জুলাই) বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আয়োজিত যৌথ সভায় ঠিক করা হয়েছে বিপিএল শুরুর সম্ভাব্য দিনক্ষণ। কিন্তু ভেতরের খবর হচ্ছে, অনুষ্ঠানটিতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যাতে বিদেশি ক্রিকেটার নিয়ে বেশ খোলামেলা কথা বার্তা হয়েছে। তাতে আলোচনার ভিত্তিতে গতবারের চেয়ে একজন কম খেলোয়াড় একাদশে রাখার সুযোগ পাবে ফ্রাঞ্চাইজিগুলো। অর্থাৎ গতবার পাঁচজনের বিপরীতে এবার চারজন করে বিদেশি প্লেয়ার নামাতে পারবে দলগুলো।

এছাড়া প্রতিটি দল আগের বছর খেলা ক্রিকেটারদের ভেতর থেকে সর্বোচ্চ চারজনকে রেখে দিতে পারবে। অর্থাৎ গতবার যারা খেলেছেন, দেশি ও বিদেশি মিলে তাদের মধ্য থেকে সর্বোচ্চ চারজনকে রেখে দেয়া যাবে। তবে সেটা দেশি এবং বিদেশি ক্রিকেটার মিলেই চারজন। অর্থাৎ প্রতি দল চাইলেই দুজন করে দেশি এবং সমান সংখ্যক বিদেশি ক্রিকেটার রেখে দিতে পারবেন।

জানা গেছে, সেটা তিন জন দেশির সাথে একজন বিদেশির মিশেল হতে পারে। আবার তিন বিদেশির সঙ্গে একজন দেশি ক্রিকেটার মিলে চারজনও হতে পারে। তবে মোট কথা হলো, দেশি ও বিদেশির মিশেল থাকতে হবে।

এছাড়া এবারের বিপিএলে ‘ডিআরএস’ সিস্টেম থাকার বিষয়টিও খুব করে আলোচিত হয়েছে। জানা গেছে, মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে যাতে হই চই না হয় এবং জটিলতা দেখা না দেয়, তাই এবার ‘ডিআরএস’ সিস্টেম রাখার সিদ্ধান্তও একরকম চূড়ান্ত।

এছাড়া প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখার কথাও আলোচিত হয়েছে। সেটাও সিদ্ধান্ত আকারে আসতে যাচ্ছে। ফলে এবার আর আগের মত প্রতি ম্যাচে দুই প্রান্তে বাংলাদেশের আম্পায়ার দেখা যাবেনা। তাদের সাথে একজন করে বিদেশি আম্পায়ারও থাকবেন।