বিশেষ দিনে জায়েদ খান

আজ চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জন্মদিন। আজকের এই দিনে পিরোজপুরে জন্মগ্রহণ করেন তিনি। প্রায় এক যুগ ধরে চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।

বেশ কিছু সিনেমায় সহ-নায়ক হিসেবে অভিনয় করলেও ২০১২ সালে জায়েদের ভাগ্য ভিন্ন দিকে মোড় নেয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা ভালোবাসা’। মুহাম্মদ হান্নান পরিচালিত এ সিনেমায় শাবনূর ও রিয়াজের সঙ্গে সহ-নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। এরপরই একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে থাকেন।

এ বছরই বাংলা ভাই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জায়েদ। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘আত্মগোপন’ ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুয়েছে মন’, ‘রিক্সাওয়ালার ছেলে’, ও ‘কাজের ছেলে’।

জায়েদ খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘অন্তর জ্বালা’। মালেক আফসারি পরিচালিত এই সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রের মন্দার বাজারে এ সিনেমাটি ভালোই ব্যবসা করেছে বলে জানা যায়।

জন্মদিনে কী করছেন এমন প্রশ্নে এ অভিনেতা বলেন, এবারের জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করব। জন্মদিন উপলক্ষে বিএফডিসিতে গরু জবাই করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে নৈশভোজ সারবেন।

এতে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, সাংবাদিকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককেই আমন্ত্রণ জানিয়েছেন। কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

জায়েদ আরো বলেন, এফডিসিতেই এবার জন্মদিনের কেক কাটব। আমি চেষ্টা করেছি, সকল শিল্পীদের আমন্ত্রণ জানাতে। আশা করি একসঙ্গে অনেক তারকাদের মিলন মেলা হবে। সবাইকে নিয়ে একসঙ্গে দিনটি কাটানোর জন্য এই আয়োজন করেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।