ছেলের সারপ্রাইজের অপেক্ষায়…

এখন আমি বলতে কিছু নেই। সব কিছুই একমাত্র সন্তান অনিক। পড়াশোনা করছে কানাডায়। মাঝেমধ্যে ছেলেকে দেখতে কানাডায় যাই। যখন দেশে থাকি বাড়িতে অনিকের ঘরটিতে বসি। সেখানেই ল্যাপটপে কাজগুলো করি। মনে হয় ছেলের পাশে বসেই কাজগুলো করছি।’ কথাগুলো বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। আজ তার জন্মদিন। স্বাভাবিক কারণে আজও তিনি দিনটি কাটাবেন ছেলের সঙ্গে। এ কারণে গত সপ্তাহেই কানাডা গেছেন তিনি। যাওয়ার আগে ছেলের জন্য নিয়েছেন নিজের বিশেষ কিছু অর্জনের খবর।

জাতীয় চলচ্চিত্রে ‘আজীবন সম্মাননা’ এবং বিশ্ব চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘টেলি সিনে লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড অর্জনের খুশির খবর অনিকের সঙ্গে শেয়ার করেছেন ববিতা। পরপর দুই বছর ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পারেননি বিধায় তার মন কিছুটা খারাপ ছিল। তাই এবার জন্মদিনের আগেই সেখানে চলে গেলেন। তবে বাংলাদেশের অগণিত ভক্ত-দর্শকের জন্য ববিতার মন খারাপ থাকবে। মন খারাপ থাকবে দুই বোন সূচন্দা ও চম্পার জন্য, চলচ্চিত্র পরিবারের জন্য। পাশাপাশি বিগত বছরগুলোয় ‘ডিসিআইআই’-এর ছোট ছোট যেসব বাচ্চারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসছে, নেচেগেয়ে তাকে আনন্দ দিয়েছে, তাদের মিস করবেন তিনি।