ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে লিগ ওয়ান জয়ী পিএসজিকে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এই ম্যাচে নেইমার-এমবাপ্পে, কাভানিরা খেলেননি। আর সেই সুযোগে পিএসজির পুরনো কোচ তার জায়গায় নতুন দায়িত্বে আসা টুখেলকে বুঝিয়ে দিলেন পিএসজির ডাগ আউটে দাঁড়ানো সহজ কাজ নয়। পিএসজির চাকরি হারানো উনাই এমেরি তার সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হয়েই বড় ব্যবধানে আর্সেনালকে জয় এনে দিলেন। এছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া জার্মান তারকা মেসুত ওজিল আর্সেনালের হয়ে এক গোল করেছেন।
শুরু থেকেই বল দখলে রেখেছে আর্সেনাল। ম্যাচের ১৩ মিনিটের মাথায় আর্সেনালকে প্রথম এগিয়ে দেন মেসুত ওজিল। ২১তম রাশিয়া বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে না পারায় অনেক সমালোচনার শিকার হয়ে জার্মান দল হতে অবসরের ঘোষণা দেন ২০১৪-এর বিশ্বকাপজয়ী। শুধূ তাই নয়, তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন। তবে ২৯ বছর বয়সী এই তারকা দলকে প্রথমে লিড এনে বুঝিয়ে দেন তিনি এখনো ফুরিয়ে যাননি।
তবে ৬০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান এনকুনকো। এরপর থেকে বাকি সময়টা ছিল আর্সেনালের। আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের দায়িত্ব ছাড়ার পর ভালো শুরু করলেন উনাই এমেরি। ইংলিশ ক্লাব আর্সেনালকে ম্যাচের ৬৭ মিনিটের মাথায় ২-১ ব্যবধানে এগিয়ে নেন লামাকাজিতে।
এরপর ৭১ মিনিটে আবার ব্যবধান বাড়ান লামাকাজিতে। ৮৭ মিনিটে গোল করে ব্যবধান ৪-১ করেন আর্সেনাল ফুটবলার হল্ডিং। আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্যবধান বাড়িয়ে ৫-১ করেন এনকেইটা। ৯৪ মিনিটে গোল করেন তিনি। আর তাতে নেইমারদের পিএসজির বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
