অবসরের ঘোষণা দিলেন ডেল স্টেইন

আগামী ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। তার বিশ্বাস পারফর্মেন্স ও অভিজ্ঞতা তাকে বিশ্বকাপ দলে জায়গা করে দেবে তাকে।

রোববার (২৯ জুলাই) থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে সুযোগ হয়নি স্টেইনের। তবে বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়াগা ফিরে পাবেন বিশ্বাস এই অভিজ্ঞ পেসারের।

তার মতে ইনজুরির প্রভাবে জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি। তবে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের আগে সেরা ফিটনেস ফিরে পেয়ে জাতীয় দলে ফিরবেন এমন আশায় করছেন আফ্রিকান পেসার। আর এই বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ ডেল স্টেইন।

তিনি বলেন, ‘আমি ইংল্যান্ড বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার চেষ্টা করব। কিন্তু বিশ্বকাপের পর আমি নিজেকে আর সাদা বলের ক্রিকেটে দেখছি না। এর পরের বিশ্বকাপ যখন আসবে তখন আমার বয়স ৪০ হয়ে যাবে।’

ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়ে দিলেও তিনি টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান। তিনি বলেন, আমি যতদিন পারব টেস্ট ক্রিকেট চালিয়ে যাব।

প্রোটিয়াদের জার্সিতে এখন পর্যন্ত ১১৬ ওয়ানডে খেলে ১৮০ উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সি এই পেসার।