তুরস্কের প্রতি আচরণে পরিবর্তন না আনলে যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী ও স্পর্শকাতর অংশীদার হারাতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময়ে যাজক ব্রুনসন থাকছে না। তুরস্ক সিদ্ধান্ত থেকে সরে আসবে না। বার্তা সংস্থা রয়টার্স ও স্পুটনিকের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময়ে যাজক ব্রুনসনের বিষয়টি থাকবে না। যদিও এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্ভাব্য নিষেধাজ্ঞার এ হুমকিকে মনস্তাত্ত্বিক লড়াই বলে আখ্যায়িত করেছেন এরদোগান। তিনি বলেন, এটি মনস্তাত্ত্বিক লড়াই। নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও আমরা সিদ্ধান্ত থেকে সরে আসব না।
এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহে ব্যর্থ হয়, তবে আঙ্কারা আন্তর্জাতিক সালিশে যাবে। এতে অন্যান্য বিকল্পও আছে বলে জানান তিনি।
