ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে ১৬ অক্টোবর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নাম লিখাতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি হবে সিলেটে। ৩ নভেম্বর সিলেটে দুই দলের প্রথম টেস্টটি শুরু হবে। দ্বিতীয় টেস্টটি মিরপুরে শুরু হবে ১১ নভেম্বর।
টেস্ট সিরিজের আগে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। মিরপুর শের-ই-বাংলায় ২১ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। ম্যাচটি হবে দিবারাত্রির। পরের দুটি ওয়ানডে ২৪ ও ২৬ অক্টোবর। দুটি ওয়ানডেই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে বাদেও একটি ওয়ানডে ও একটি তিন দিনের প্রস্তুতি খেলবে সফরকারীরা। ১৯ অক্টোবর ওয়ানডে প্রস্তুতি ম্যাচটি হবে বিকেএসপিতে। তিনদিনের প্রস্তুতি ম্যাচটি হবে চট্টগ্রামে। তবে কোন ভেন্যুতে ম্যাচটি হবে তা চূড়ান্ত হয়নি এখনও।
অক্টোবরে টেস্ট অভিষেকের পর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা ছিল জানুয়ারিতে। ওই সময়ে বিপিএল আয়োজনের চিন্তা করছে বিসিবি। তাই এগিয়ে আনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। ৩০ দিনের সফর শেষে ১৬ নভেম্বর বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
