সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ধীর গতির ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। উইকেটও কথা বলছে বোলারদের পক্ষে। তবে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে টানা তিন ম্যাচে ব্যর্থ হলেন এনামুল হক বিজয়। আজ ৩১ বলে ১০ রান করে জেসন হোল্ডারের বলে পাওয়েলের তালুবন্দি হয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম উইকেটের পতন হলো ৩৫ রানে। তামিমের সঙ্গী হয়েছেন তার বন্ধু সাকিব আল হাসান।
শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। টিকে গেছেন ওপেনার এনামুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। বাদ পড়েছেন পেসার আলজারি জোসেফ এবং জেসন মোহাম্মদ। দলে ফিরেছেন পেসার শেলডন কট্রেল ও ব্যাটসম্যান কাইরন পাওয়েল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম ওয়ানডেতে জয় নতুন করে আশা জাগিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মাঝে। কিন্তু দ্বিতীয় ওয়ানডে জিততে জিততে হেরে যাওয়ায় তৃতীয় তথা শেষ ওয়ানডে হয়ে গেছে ‘অঘোষিত ফাইনাল’। যে দল এই ম্যাচ জিতবে, তাদের ঘরেই যাবে সিরিজ।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
