খলনায়ক হিসেবে পরিচিত অভিনেতা কাবিলা। তার ছেলে শাওন ইসলাম। চলতি বছরের ২৪ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। গত ২৭ জুলাই রাজধানী ঢাকার পুরানা পল্টনের একটি রেস্তোঁরায় ছিল শাওনের বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠজন ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের মধ্যে শুধু উপস্থিত ছিলেন ওমর সানী!
এ বিষয়ে কাবিলার সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নম্বরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বহুবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এরপর ফেসবুকে কাবিলার ছেলে শাওনের ব্যক্তিগত আইডির মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তার দিক থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তাই এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
তবে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, তিনি দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের জ্যেষ্ঠ কপিরাইটার হিসেবে কাজ করছেন। তবে তার স্ত্রীর নাম, কী করছেন তিনি এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গতকাল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী। তিনি প্রিয়.কমকে বলেন,‘পুরানা পল্টনের একটি রেস্তোঁরায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এতে আমি ছাড়া সিনেমার আর কাউকে দেখিনি! কাবিলার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। আমার বড় ভাই যখন বিয়ে করেছিলেন ১৯৯৩ সালে।
তখনই আমার বড় ভাইয়ের বউ পছন্দ করার জন্য আমি আর কাবিলা গিয়েছিলাম। কাবিলাই তখন ভাবিকে আংটি পরিয়ে দিয়েছিল। ওর কথার প্রেক্ষিতেই ভাবি-ভাইয়ের সংসার শুরু। তখন থেকেই আমার আর কাবিলার সম্পর্কের মধ্যে এক ধরনের সেতুবন্ধন তৈরি হয়েছে। আমি তো কলকাতা ছিলাম শুটিংয়ে। আমি আসতাম আজ (২৮ জুলাই)। শুধু ওর ছেলের বিয়ের জন্য দুদিন আগে কলকাতা থেকে চলে এসেছি।’
