আরমান আলিফের ‘অপরাধী’ গানটি বাংলা গানে এক অনন্য ইতিহাস তৈরি করেছে। ইউটিউবে ভিউ বিচারে বাংলা যেকোনো গানের রেকর্ড ভেঙেছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে থাকে। গানটি প্রকাশ করেছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক।
‘অপরাধী’র পর আরেক শিল্পী কামরুজ্জামান রাব্বি দোতারা বাজিয়ে ‘আমি তো ভালা না ভালা লইয়া থাইকো’ গানটি গেয়ে ইউটিউবে প্রকাশ করেন। এরপর এই গানটিও মুহূর্তেই ছড়িয়ে যায় ফেসবুক দুনিয়ায়। এক পা, দু পা করে ভাইরাল হতে থাকে এই গানটি।
নতুন ভাইরাল হওয়া এই গানটিও ঈগল মিউজিক প্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যেই এই গানের গীতিকার সুরকার মাহবুব শাহ এবং শিল্পী কামরুজ্জামান রাব্বির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। শুধু তাই সম্প্রতি গানের ভিডিও নির্মাণের কাজও শেষ করেছে ঈগল মিউজিক। নতুনভাবে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অংকুর মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন ঈগল টিম। এতে মডেল হয়েছেন শান ও শারমিন অনন্যা।
আসছে ঈদেই ‘আমি তো ভালা না’ গানটি ভিডিও আকারে তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে বলেও নিশ্চিত করেছে ঈগল মিউজিক।
