নতুন পরিচয়ে…

নিজের পরিচিতিতে মডেল স্বপ্নীল আহমেদ এবার নতুন তকমা যোগ করলেন। তা হলো—সুন্দরী প্রতিযোগিতার বিচারক। এই প্রথম কোনো বাংলাদেশি মেয়ে হিসেবে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক মানের সুন্দরী প্রতিযোগিতা ‘কুইন অব সাউথ এশিয়া’র অর্গানাইজারের দায়িত্ব পালন করেন। সেইসাথে এই প্রতিযোগিতায় তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অডিশন রাউন্ডে বিচারক ছিলেন। শুধু তাই নয়, চলতি বছরে তিনি প্যারিসে অনুষ্ঠিত ল্যাকমে ফ্যাশন উইকের বাংলাদেশের অর্গানইজার হিসেবে কাজ করেছেন। মাঝে শ্রীলঙ্কায় অবস্থানকালে স্বপ্নীল ‘ডমিনজ পিজা’ এবং ‘ইটিসালাত টেলিকম’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে পারফর্ম করেছেন। এছাড়া বিভিন্ন ম্যাগাজিনে কাভারগার্ল এবং বিলবোর্ডের মডেল হয়েছেন। সেইসাথে ২০১৬ সালে শ্রীলঙ্কায় সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস ক্যান্ডি’ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন স্বপ্নীল আহমেদ। কিশোরগঞ্জের এই তরুণীর শৈশব ও কৈশোর কেটেছে পুরান ঢাকায়। পড়াশোনার পাশাপাশি নিজেকে সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে জড়ানোর ইচ্ছা লালন করতেন ছোট থেকেই। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রগুলো হলো—ফ্রেশ টি, হিটাসি রেফ্রিজারেটর, স্পা ড্রিঙ্কিং ওয়াটার, গ্লুকোজওভার, আফতাফ চানাচুর, তানশী প্রোপার্টিজ, আরএফএল বোল, ফার্মফ্রেশ মিল্ক, গ্রামীণ ফোন নেটওয়ার্ক, বিকাশ, দিয়া সয়াবিন তেল, গ্লোব টোস্ট, বোম্বে জুসি, প্রাণ-আরএফএল ফেসকো কন্টিনার, এসএসজি লাইট, লাইফ কুক স্টোভ প্রভৃতি। ২০১৪ সালের বেস্ট মডেল হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে কি? এমন প্রশ্নের জবাবে স্বপ্নীল বলেন, ‘ফিল্মে কাজ করার অফার অনেক আগেই পেয়েছি। বলা যায়, ব্যাটে বলে মেলেনি। কেননা আমার ইচ্ছা আর্ট ফিল্মে অভিনয় করার। সামনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিতব্য একটি আর্টফিল্মে কাজ করব। এহসান মাল্টিমিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করবেন আব্দুল্লাহ আল মামুন। এর গল্প অসাধারণ। আশা করি সবার ভালো লাগবে।’