কিছুদিন পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। ইতোমধ্যে বিভিন্ন দলে যোগ দিতে শুরু করেছেন অনেক সেলিব্রেটিরা। তারাও নিচ্ছেন নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি। কন্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন।
নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জানার জন্য কন্ঠশিল্পী মনির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কণ্ঠশিল্পী হিসেবে আমার পরিচয় প্রায় দুই যুগের। মানুষের ভালোবাসায় আমি মনির খান হয়েছি। সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে গেলাম এবার কিছুটা হলেও তাদের কাছাকাছি থেকে সেবা করতে চাই। সেই চিন্তাধারা থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যদি এবার বিএনপি থেকে মনোনয়ন পাই তবে অব্যশই নির্বাচন করব।’
মনির খান বলেন, ‘রাজনৈতিক দলটা মুখ্য বিষয় না। তবে আমার পছন্দের দল বিএনপি। আমি যে এলাকা থেকে নির্বাচন করবো সে এলাকাটা বিএনপির জনপ্রিয় একটা জায়গা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লাগার বিষয়টা কাজ করে। আর এ জন্য আমি বিএনপি থেকে নির্বাচন করতে ইচ্ছুক।’
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবরকম প্রস্তুতি পালন করছেন তিনি। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণাও চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির খানের ফ্যানপেজে নির্বাচনের কর্মকাণ্ডও চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, মনির খান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
