আলোচনার তুঙ্গে মাশরাফির – ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুটা হয়েছিলো একরাশ নিরাশায় । টেস্ট সিরিজে জয় তো দূরের কথা মান বাঁচাতেই নাভিশ্বাস উঠেছে সাকিবদের। সাদা পোশাকের দুঃস্বপ্নে কাতর দলটি সঙ্গে যোগ দেন ওয়ানডে দলপতি মাশরাফি। আর তাতেই যেনো পাল্টে গেলো সব। কি অদ্ভুত! হতাশার সাগরে ডুবে যাওয়া যে দলটির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিলো সেই বাংলাদেশ প্রথম ওয়ানডেতে কী লড়াইটাই না করলো! দুর্দান্ত জয়ে ড্রেসিংরুমে স্বস্তির আবহ।
দলের অন্দরের গুমট ভাব কিছুটা হলেও কেটেছে। সেটা বুঝা যায় দলপতি মাশরাফিকে দেখলেই। দলের নির্ভারতাই যেনো ফুটে উঠেছে তার এক ছবিতে। যে ছবিতে খোলা জায়গায় লুঙ্গি পরে হাটতে দেখা যাচ্ছে তাকে।
ছবিটি নিয়ে এরিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বেশিরভাগ দর্শকই টাইগার দলপতির এমন সাদামাটা চালচলনের জন্য প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।
রোববার গায়ানায় প্রথম ওয়ানডে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তামিম, সাকিব, মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ১০ ওভার বল করে মাত্র ৩৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ম্যাশ। বাংলাদেশ জয় পেয়েছে ৪৮ রানে।
